পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের রুমে ঝুঁলন্ত ফাঁস লাগা অবস্থায় সুজন ইসলাম (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের দোতলার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে।
স্থানীয় ও পরিষদ সূত্র দাবি করেছে, গত বুধবার রাতে জগদল এলাকায় একটি মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে সুজন ও জাহেদুল। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে খবর দিয়ে তাদের পরিষদে নিয়ে যান। এ বিষয়ে সকালে পরিষদে বিচার বসার কথা ছিল। এর মধ্যে রাতে পরিষদের দোতলায় পৃথক রুমে তাদের রেখে সবাই বাড়ি যান। সকালে গ্রাম-পুলিশ তাদের খাবার দিতে গিয়ে সুজনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখে।
পঞ্চগড় সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।