টাঙ্গাইলে আন্তঃজেলা ভূমি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইল র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলো মনোরঞ্জন পাল (৩৮), হাসেন আলী (৩৮) ও ফজলুর রহমান (৬৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করটিয়া হাট বাইপাসে আনোয়ারা ফিলিং স্টেশনের পাশে অভিযান চালিয়ে ভূমি প্রতারণার নানা কাগজপত্র, সিলসহ ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভূমির ‘ডুপ্লিকেট কার্বন রসিদ বহি’ (ডিসিআর)-এর ৭২টি জাল কপি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার জাল দাপ্তরিক ১১টি সিল জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তার জাল দাপ্তরিক সিল ও স্বাক্ষর ব্যবহার করে লোকজনকে সরকারি জমি পাইয়ে দেওয়ার ভুয়া বন্দোবস্তপত্র, জমি খারিজ করার নকল কপি দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।