নিষেধাজ্ঞা থাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কি না এ নিয়ে সংশয় ছিল। এ নিয়ে আলোচনা হচ্ছিল। শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। জাতিসংঘের আয়োজনে পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। অবশ্য নিউইয়র্কে অবস্থানকালে তার কর্মকান্ড সীমিত রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার আইজিপির ভিসা পাওয়ার খবরটি জেনেছে পুলিশ সদর দপ্তর।
ভিসার বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘আইজিপি জাতিসংঘের পুলিশ সম্মেলনে অংশ নিচ্ছেন। আশা করছি, আমরা নির্দিষ্ট সময়ে সবাই অনুষ্ঠানে অংশ নেব।’
আগামী ২৯ বা ৩০ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যর একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাবে বলে পুলিশ সূত্র জানায়। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুদিনব্যাপী জাতিসংঘের সদর দপ্তরে পুলিশপ্রধানদের সম্মেলন হবে।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে গত ১০ ডিসেম্বর এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গতকাল দুুপুরে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়, জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে অংশ নিতে যারা আবেদন করেছেন তাদের ভিসা দেওয়া হয়েছে। তবে আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকায় কিছু শর্ত থাকবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আইজিপির ভিসা পাওয়া যাবে কি যাবে না তা নিয়ে তারা সন্দিহান ছিলেন। তিনি যাতে ভিসা পান সেই জন্য মন্ত্রণালয়সহ সরকারের হাইকমান্ড চেষ্টা চালিয়ে আসছিলেন। একটি মহল চেয়েছিল আইজিপি যাতে যুক্তরাষ্ট্র যেতে না পারেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পেছনেও এই সফর নিশ্চিত করার বিষয়টি কাজ করেছে। কিছুদিন আগে ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি মিশেল জে সিসেসের সঙ্গে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের বৈঠকেও আইজিপির সফর নিয়ে আলোচনা হয়েছে বলে তারা জানতে পেরেছিলেন। আইজিপির যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।
ভিসা দেওয়ার পাশাপাশি কয়েকটি শর্ত দেওয়া হয়েছে জানিয়ে ওই কর্মকর্তারা বলেন, আইজিপি অনুষ্ঠানস্থল ছাড়া কোথাও যেতে পারবেন না। নিউইয়র্ক সিটিতে তার কর্মকাণ্ড সীমিত রাখতে হবে। সামাজিক, রাষ্ট্রীয় বা সরকারি-বেসরকারি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না। শর্ত ভাঙলে তার ভিসা বাতিল হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া অনুষ্ঠান শেষ হয়ে গেলে দ্রুত সময়ে তাকে দেশে চলে আসতে হবে। আইজিপির সঙ্গে যারা যাচ্ছেন তাদের কোনো শর্ত দেওয়া হয়নি।
সরকারি আদেশ অনুযায়ী, জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।