বাস র্যাপিড ট্রানজিট কো¤পানি লিমিটেডের (বিআরটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিকুল ইসলাম বলেছেন, উত্তরায় দুর্ঘটনার আগে ঠিকাদারদের আর্থিক অসংগতি ছিল। কখনোই তাদের কাছে আমরা শতভাগ পারফরম্যান্স পাইনি। যে পরিমাণ কাজ বাকি রয়েছে, ঠিকাদার ও পরামর্শকদের যে সামর্থ্য, তাতে যদি ঠিকাদারকে শতভাগ কাজ করাতে পারি, তাহলে যে সময় বাকি রয়েছে তা যথেষ্ট। ঠিকাদার ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করে বুঝিয়ে দিলেও ছোট কাজগুলোর জন্য আগামী বছরের মার্চ পর্যন্ত সময় লাগবে। আর বাস চলাচল আগামী বছরের জুনে শুরু হতে পারে।
গতকাল শুক্রবার বিআরটি প্রকল্পের কাজ ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখতে এসে দুপুরে গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সকালে রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিআরটির পরিচালনা পর্ষদের সদস্য ও গণমাধ্যমকর্মীদের নিয়ে বিআরটি করিডোর পরিদর্শন করে গাজীপুর চৌরাস্তায় যাওয়া হয়।
পরে সাংবাদিকদের সফিকুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি আর দুর্ঘটনা ঘটবে না। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের পর্যায় পর্যন্ত, আমরা সবাই এখন খুব সিরিয়াস। ঠিকাদার কর্তৃপক্ষের প্রতিনিধিদল চীন থেকে এসেছে। তাদের সঙ্গে সভা হয়েছে। তারা শতভাগ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে।’
পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এ কে এম মনির হোসেন পাঠান, পরামর্শক প্রতিষ্ঠান পিএমসিসিবির আন্তর্জাতিক টিম লিডার মাহাবুবুল বারীসহ বিআরটির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা এ সময় সড়ক ও জনপথের বিমানবন্দর ও জসীমউদ্দীন অংশের উড়ালসড়ক, সেতু কর্তৃপক্ষের উত্তরা হাউজ বিল্ডিং থেকে স্টেশন রোড পর্যন্ত উড়ালসড়ক, তারগাছ এলাকায় সওজের অংশের সমতলের বিআরটির স্টেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকায় স্টেশন ও উড়ালসড়ক পরিদর্শন করেন।
বিআরটির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, দুর্ঘটনার পর থেকে বিআরটির সব কাজ স্থগিত রয়েছে। যেসব পয়েন্টে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেখানে পরামর্শক প্রতিষ্ঠান অনুমতি দিলে আবার কাজ শুরু হবে।
তিনি জানান, সাড়ে ২০ কিলোমিটার দূরত্বের বিআরটি প্রকল্পের কাজ সার্বিকভাবে ৭৯ দশমিক ২৪ ভাগ শেষ হয়েছে। মূল যে কাজ, সেই পূর্ত কাজ করছে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১৬ কিলোমিটারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের গেজুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি)। এদের অগ্রগতি ৮২ দশমিক ০৯ ভাগ। আর সেতু কর্তৃপক্ষের (বিবিএ) অধীনে বিআরটির সাড়ে ৪ কিলোমিটারের উড়াল অংশের ঠিকাদারি পান চীনের আরেক প্রতিষ্ঠান জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কো¤পানি লিমিটেড। তাদের অগ্রগতি ৭২ দশমিক ৩৫ ভাগ।
গত ১৫ আগস্ট এক বউভাতের অনুষ্ঠান শেষে বর-কনে ও তাদের স্বজনরা প্রাইভেট কারে করে ঢাকা থেকে আশুলিয়ায় বাসায় ফেরার পথে উত্তরা ৩ নম্বর সেক্টরে তাদের গাড়িটির ওপর বিআরটি প্রকল্পের ক্রেন দিয়ে তোলা একটি গার্ডার পড়ে যায়। সাড়ে তিন ঘণ্টার বেশি সময় পরে গাড়ির ওপর থেকে গার্ডার সরিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে দুজন বেঁচে যান। এরপর থেকে আপাতত নিরাপত্তা ঘাটতির কারণে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ স্থগিত রয়েছে।