অসুস্থতায় ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বাহা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ঢাকা সফর স্থগিত করেছেন। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিন দিনের সফরে গতকাল সকালে ওআইসি মহাসচিবের ঢাকায় আসার কথা ছিল।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তিনি ঢাকা সফর করবেন।

সফরসূচি অনুযায়ী গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার। এছাড়া গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল হুসেইন ইব্রাহিম ত্বাহার।

২০২১ সালে ওআইসির ১২তম মহাসচিব হিসেবে দায়িত্ব পান হুসেইন ইব্রাহিম ত্বাহা। ১৯৫১ সালে আফ্রিকার দেশ চাদের অ্যাবেচেতে জন্মগ্রহণ করেন তিনি। ত্বাহা ফ্রান্সের রাজধানী প্যারিসে ন্যাশনাল ইনস্টিটিউট অব ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিভিলাইজেশন থেকে গ্র্যাজুয়েশন করেন। ১৯৭৯ সালে তিনি চাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দেশটির অর্থ বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক অধিদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর সৌদি আরবে চাদ দূতাবাসের আন্ডার সেক্রেটারি ও তাইওয়ানে রাষ্ট্রদূত নিযুক্ত হন ত্বাহা। ২০১৭ সাল পর্যন্ত ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস এবং ভ্যাটিকানে চাদের রাষ্ট্রদূত হিসেবে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।