আজ বসছে সংসদ অধিবেশন

শপথ নেবেন নতুন ডেপুটি স্পিকার আলোচনায় টুকু

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আজ বিকেল ৫টায় শুরু হবে। এ অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। করোনাকালে অন্যান্য অধিবেশনের মতো এটি সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে। এই  অধিবেশনের কার্যদিবস পাঁচ দিন হতে পারে।

গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।

এদিকে ডেপুটি স্পিকারের মৃত্যুর পর এই পদের জন্য কয়েকজনের নাম আলোচনায় এসেছে। সংসদের হুইপ ও কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এ পদের জন্য চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। তবে এর মধ্যে আলোচনায় এগিয়ে শামসুল হক টুকু।

এদিন দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এ ক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।

নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।

ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোক প্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে। অধিবেশনের শুরুর দিনে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠানের কথা রয়েছে।

এবারের অধিবেশনেও সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের সব কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। খবর সংগ্রহের জন্য নিয়োজিত সাংবাদিকদেরও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

এ অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি সরকারি বিল জমা পড়েছে। এগুলো হলো আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বিল, সরকারি চাকরি (সংশোধন) বিল এবং সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল। এ ছাড়া কমিটিতে পরীক্ষাধীন ছয়টি এবং পাসের অপেক্ষায় তিনটি বিল রয়েছে।