বিএনপি তার দোসরদের নিয়ে টাকা-পয়সা দিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সে জন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার সংক্ষিপ্ত শটকাট রাস্তা খুঁজছে। গতকাল রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ শোকসভার আয়োজন করে।
বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে আর ক্ষমতার পরিবর্তন অলিগলি দিয়ে; পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। নির্বাচন করেই জনগণ যাকে চাইবে, তাকেই ক্ষমতায় যেতে হবে। নির্বাচন করবে ফায়সালা কে ক্ষমতায় যাবে। গণতন্ত্রের ডাক দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি ও তাদের সহযোগীরা বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে আমাদের দল পরিষ্কারভাবে বলে দিয়েছে, নিরপেক্ষ নির্দলীয় সরকারের আর কোনো সুযোগ নেই। বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতায় থেকে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে। তাতে বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক।’
খায়রুজ্জামান লিটন বলেন, ‘কারা কারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জড়িত এবং কারা কারা এই হত্যাকা-ে বেনিফিশিয়ারিÑএটা খুঁজে বের করতে হবে।’