বিলকিস বানু ধর্ষণ

ধর্ষকদের মুক্তির প্রতিবাদে ভারতে বিক্ষোভ

বিলকিস বানু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দেওয়ার প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ নারী-পুরুষরা রাজপথে নেমে সরকারের প্রতি ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন।  

২০০২ সালে ভারতের গুজরাটে দাঙ্গার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিলকিস বানু। সেই সময় নিজ পরিবারের ১৪ সদস্যকে খুন হতে দেখেন তিনি। আলোচিত এই ঘটনায় দণ্ডপ্রাপ্তদের সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার প্রতিবাদে গত শনিবার ভারতজুড়ে বিক্ষোভ হয়।  

চলতি মাসে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে গুজরাট সরকার এসব আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিরোধী দল। প্রতিবাদ জানান গণমাধ্যমকর্মী, চলচ্চিত্র তারকা থেকে শুরু করে মানবাধিকারকর্মী এবং বেশ কয়েকজন সাংবাদিক। তারা বলছেন, এই সিদ্ধান্ত সংখ্যালঘু মুসলিমদের অধিকারের বিরুদ্ধে গেছে। ভারতে ২০১৪ সালে বিজেপি সরকার গঠনের পর থেকে মুসলিমদের ওপর আক্রমণের ঘটনা দ্রুত বেড়েছে।

দিল্লিতে বিক্ষোভকালে ভারতের চলচ্চিত্র তারকা শাবানা আজমি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিলকিস বানু ও তার পরিবারের সঙ্গে যা হয়েছে, দেশে এসব আর চুপ করে দেখা যায় না। এ জন্য আমরা সবাই এক জোট হয়েছি, সোচ্চার প্রতিবাদ করছি।’ 

১৯৪৭ সালে দেশভাগের পর ২০০২ সালে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দাঙ্গা বাধে গুজরাটে। সাম্প্রদায়িক সহিংসতায় হাজারো মানুষ নিহত হয়। সে সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বিলকিস বানু। এ ঘটনায় আদালত ধর্ষকদের যাবজ্জীবন সাজা দিলেও মাত্র ১৫ বছর কারাবাসের পর তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার।

নিজের ওপর বর্বর নির্যাতন চালানোদের শাস্তি মওকুফ করাকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে বিলকিস বানু বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার বিশ্বাসটি নড়ে গেছে।’