তুচ্ছ ঘটনায় দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুল মালেক (৪৮) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহত আবদুল মালেক মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামে অবস্থিত সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং একই গ্রামের মৃত ছৈয়দ আহমদের ছেলে। 

রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মগনামা বাজার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পেকুয়া থানা পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানাগেছে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে রাত হলেই মাদকব্যবসায়ী মৌলভী আবদুল মাবুদের দোকানে জুয়ার আসর বসায় তার দুই পুত্র মাদকসেবী বারেক ও ইমাম হোছাইন। রোববার রাতে দিনমজুর আবদুল মালেক ওই দোকানে যায় তার ছেলেকে খুঁজতে। এসময় কিছু বুঝে উঠার আগেই দিনমজুর আবদুল মালেককে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে নুরুল আমিন, তার ছেলে কিশোর গ্যাং লিডার নাইবু, মাদক ব্যবসায়ী মৌলভী আবদুল মালেক ও নুর মোহাম্মাদ মাদুসহ একদল সন্ত্রাসী। খবর পেয়ে দিনমজুর আবদুল মালেকের স্ত্রী ও দুই ছেলে তাকে উদ্ধার করতে গেলে তাদের ওপরও হামলা করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আবদুল মালেক, তার স্ত্রী ফাতেমা বেগম, দুই ছেলেকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আবদুল মালেককে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আবদুল মালেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।