এসএসসি পাস ভুয়া চিকিৎসক গ্রেপ্তার: হাসপাতাল সিলগালা

নাটোরের বড়াইগ্রামে এসএসসি পাস করে এফসিপিএস (মেডিসিন) বনে যাওয়া এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। তার নাম আব্দুল করিম লোহানী (৫৭)। ৩২ বছর ধরে অন্য চিকিৎসকের সনদের ফটোকপি ব্যবহার করে চিকিৎসক সেজে তিনি এভাবে মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন বলে জানা গেছে।
 
গ্রেপ্তার করিম লোহানী উপজেলার চকপাড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৩০ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
এর আগে সোমবার (২৯ আগস্ট) রাতে উপজেলার জোনাইল জাহাঙ্গীর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই চিকিৎসকের অপারেশনে সোমবার সকালে এক নবজাতকের মৃত্যুসহ একাধিক অভিযোগে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশিদ আলম বলেন, সোমবার সকালে ওই ভুয়া চিকিৎসক জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামের লিয়াকত আলীর স্ত্রী মুক্তি খাতুনের সিজারিয়ান অপারেশন করেন। এ সময় তিনি নিজেই ওই রোগীর এনেসথেসিয়াও করেছেন। অপারেশনের ঘণ্টা দুয়েক পরই শিশুটি মারা যায়। এরপর সিজারের দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলেন রোগীর স্বজনরা। বিষয়টি জানতে পেরে সন্ধ্যার পর হাসপাতালে গিয়ে তাকে আরেকটি সিজারিয়ান অপারেশন করা অবস্থায় তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে এফসিপিএস (মেডিসিন) এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের এমবিবিএস বলে পরিচয় দেন।
 
তবে, হাসপাতালের প্যাড ও লিফলেটে তার নামের সঙ্গে এমবিবিএস (রাজ), বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (সার্জারী, গাইনী অ্যান্ড অবস) এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন জেনারেল সার্জন পদবী লেখা রয়েছে। তার পরস্পরবিরোধী তথ্যে সন্দেহ হলে তদন্তে নেমে তার দেয়া সব তথ্যই ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়। প্রকৃতপক্ষে তিনি অন্যের সনদপত্রের ফটোকপি ব্যবহার করে চিকিৎসা দিয়ে আসছেন।
 
তিনি আরও বলেন, ওই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তারের পাশাপাশি হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে। হাসপাতালটি এর আগেও বন্ধ করা হয়েছিল। তবে লাইসেন্সভুক্ত হাসপাতাল হওয়ায় কিছু শর্তসাপেক্ষে আবার চালুর অনুমতি দেওয়া হয়েছিল। এবার ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।
 
তবে জাহাঙ্গীর জেনারেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, 'তিনি ভুয়া চিকিৎসক এটা আমার জানা ছিল না। তিনি চিকিৎসক হিসাবে সকল কাগজপত্র জমা দিয়েছিলেন বলেই তাকে চিকিৎসার সুযোগ দিয়েছিলাম।'
 
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, চিকিৎসক না হয়েও ভুয়া পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে তার নামে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।