ইতিমধ্যেই এশিয়ার শীর্ষ ধনকুবের গৌতম আদানি। এবার বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিটনের সহ-প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্টকে টপকে বিশ্বের তৃতীয় ধনীর স্থান দখল করেছেন তিনি।
গৌতম আদানিই এশিয়ার প্রথম ব্যক্তি যার নাম বিশ্বধনী তালিকার এতটা শীর্ষে উঠে এলো। প্রথম সারির এই ধনকুবের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
সিএনএন জানিয়েছে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে টেসলা প্রধান ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরেই এখন আছে গৌতম আদানির নাম।
প্রতিবেদনে বলা হয়, ৬০ বছর বয়সী ভারতীয় এই শিল্পপতির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি ডলার। টেসলা সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি ডলার। আর অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি ডলার।
ভারতের বৃহত্তম বন্দর পরিচালনাকারী আদানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা গৌতম আদানি। এছাড়া কয়লা, সৌরবিদ্যুৎ থেকে শুরু করে অ্যারোস্পেস প্রযুক্তির মতো জায়গাগুলো তার প্রতিষ্ঠানের দখলে। করোনা মহামারীর সময়ে বিশ্বের অন্যতম এই ধনীর সম্পদ আরও ফুলে-ফেঁপে ওঠে।
গত সপ্তাহেই পরোক্ষভাবে শেয়ার কিনে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির ২৯ শতাংশ অংশীদারিত্বের কথা জানিয়েছিল আদানি গ্রুপ। এনডিটিভি অবশ্য বলছে, শেয়ার বিক্রির যে খবর রটেছে তা ভিত্তিহীন। এনডিটিভির সহযোগী প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। সরাসরি এত বিপুল অংশের কোনো শেয়ার বিক্রি হচ্ছে না। মালিকানায় কোনো বদল হচ্ছে না। কোম্পানির ৬০ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে রাধিকা ও প্রণয়ের হাতে।