সাবেক সেনাপ্রধান হারুনকে জামিন দিল হাইকোর্ট

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পাচারের মামলায় চার বছরের কারাদ-প্রাপ্ত প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে উচ্চ আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেয়।

এ মামলায় গত ১২ মে রায় দেয় ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত। রায়ে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনকে ১২ বছর, প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে চার বছর কারাদ-সহ মোট ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় বিচারিক আদালত। সাজার সঙ্গে দন্ডপ্রাপ্তদের ২ হাজার ৩০০ কোটি টাকা অর্থদন্ড করা হয়। এরপর বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল ও জামিনের আবেদন করেন হারুন-অর-রশিদ।

ডেসটিনিকান্ডে তোলপাড়ের পর ২০১২ সালের জুলাইতে দুদক এ মামলা করে। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের আরেকটি মামলা ঢাকার সংশ্লিষ্ট আদালতে সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

হারুনের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও রবিউল আলম বুদু। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সাজা থেকে খালাস চেয়ে ইতিমধ্যে আপিল করেছেন তিনি। আদালত আপিল শুনানির লক্ষ্যে তিন মাসের মধ্যে পেপারবুক (রায়সহ যাবতীয় নথি) প্রস্তুত করতে বলেছেন।’