বগুড়ায় নকল সন্দেহে ১৭ ট্রাক টিএসপি সার জব্দ

চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) পাঠানো ২৩৮ মেট্রিক টন সার খালাস স্থগিত করা হয়েছে বগুড়ার বাফার গুদামে। নকল অথবা ভেজাল সন্দেহ সারের এ চালানগুলোর খালাস বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে গত সোমবার সকালে সাতটি ট্রাকে আসা এবং গতকাল মঙ্গলবার ১০টি ট্রাকে আসা টিএসপি সারের খালাস বন্ধ করা হয়। সারের এ চালানগুলোর নমুনা পরীক্ষার জন্য তিন সদস্যর তদন্ত কমিটি চট্টগ্রাম থেকে বগুড়ায় এসে নমুনা সংগ্রহ করেছে।

এদিকে মাদারীপুরে অবৈধভাবে মজুদ করা ৮২৭ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে সদর উপজেলার মস্তফাপুর বাজারে সদানন্দ কু-ুর গুদামে ওই অভিযান চালানো হয়।

বগুড়ার বাফার গুদামের ইনচার্জ মো. মোস্তফা কামাল জানান, সেখানে চট্টগ্রাম আসা ১৭টি ট্রাকে ৪ হাজার ৭৬০ বস্তায় থাকা ২৩৮ মেট্রিক টন সার খালাসের কাজ স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে সাতটি ট্রাক বগুড়ায় এসে পৌঁছায়। ট্রাকগুলোতে ৯৮ হাজার কেজি টিএসপি সার আসে। প্রতিটি ট্রাকে ২৮০ বস্তা করে সার রয়েছে। ওই দিন সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয় পরীক্ষার জন্য। এ সময় সারগুলো নকল অথবা ভেজাল মনে হয় কর্র্তৃপক্ষের কাছে। এমন পরিস্থিতিতে ট্রাকগুলো থেকে সার খালাস বন্ধ রাখা হয়। পরে গতকাল সকালে একই জায়গা থেকে আরও ১০টি সারবাহী ট্রাক আসে।

নকল সন্দেহে সেগুলোরও খালাস বন্ধ রাখা হয়। ওই ১০টি ট্রাকে ১৪০ মেট্রিক টন সার আছে।

এর আগে সোমবার বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গতকাল সকালে রাজশাহীতে সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়।

বগুড়ার গুদাম ইনচার্জ মোস্তফা কামাল দেশ রূপান্তরকে বলেন, ‘খালাস স্থগিত রাখার বিষয়টি চট্টগ্রামের টিএসপি সার কারখানা কর্র্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সারগুলো পরীক্ষা করার জন্য চট্টগ্রাম থেকে তিন সদস্যের একটি টিম বগুড়ায় এসেছে। পরীক্ষার পর সারগুলো সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। সারগুলো পরিবহন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএইচআর করপোরেশন।’

চট্টগ্রাম থেকে আসা তদন্ত কমিটির সদস্যরা হলেন পতেঙ্গা টিএসপি কমপ্লেক্সের উপপ্রধান রসায়নবিদ রেজাউল হক, ব্যবস্থাপক (প্রশাসন) মাজহারুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আওয়াল হোসেন।

গতকাল দুপুরে তদন্ত কমিটির সদস্যরা সাংবাদিকদের জানান, তারা সারের বস্তাগুলো দেখেছেন। তারা সারের নমুনা নিয়ে গিয়ে তাদের ল্যাবে পরীক্ষা করবেন। পরীক্ষা শেষে যত দ্রুত সম্ভব ফলাফল যথাযথ কর্র্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরীক্ষা করলেই বস্তাগুলোতে থাকা সার নকল নাকি ভেজাল মেশানো বা ভালো তা নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে সোমবার রাতে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক সাংবাদিকদের বলেন, ‘বগুড়া বাফার গুদামে অভিযোগ আসে যে, চট্টগ্রাম থেকে ট্রাকে টিএসপি সার বগুড়া বাফারের দিকে রওনা দেয়। পথে কোনো এক জায়গায় ওই সারভর্তি ট্রাকগুলো থেমে নকল সারভর্তি করে বগুড়া বাফারের দিকে যাচ্ছে। এমন সংবাদ পান বগুড়া বাফরের ইনচার্জ মোস্তাফা কামাল।’

মাদারীপুরে অবৈধ মজুদের ৮২৭ বস্তা সার উদ্ধার : মাদারীপুরের এক সার ও বীজ ব্যবসায়ীকে অবৈধভাবে সার মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে ৩০ হাজার টাকা অর্থদণ্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কু-ুকে এ দণ্ড দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মাঈনুদ্দিন।

তিনি বলেন, মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও সরকারি সারের ডিলার জগদীশ কুন্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গুদামে অবৈধভাবে ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল। বাজারে সার সংকট দূর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই গুদাম থেকে ৮২৭ বস্তা সার জব্দ করা হয়।