সাতক্ষীরায় মস্তকবিহীন মরদেহ উদ্ধার

সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পাশ থেকে মস্তকবিহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) সকাল ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কাইয়ুম হোসেন জানান, আজ সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশের রাস্তায় তাজা রক্ত ও একটি জুতো পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পান। সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত জোরদার করার নির্দেশ প্রদান করেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাইপাস সড়কের ওপর জবাই করে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দেয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধার হলেও মাথা এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।