বান্দরবানে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে মজুত করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে বান্দরবানের ৫নং ওয়ার্ডের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম।
অভিযানে খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রির ১৮ বস্তা চাল দোকান থেকে জব্দ করা হয়।
এ অপরাধে বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনগণের জন্য সুলভ মূল্যে বিক্রি করা চাল অবৈধভাবে মজুতকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এবং আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
বান্দরবান সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরোজ বলেন, দোকানে খাদ্য অধিদপ্তরের চাল বিক্রি করছে এমন অভিযোগ ছিল। তার ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। অভিযানে একটি দোকান থেকে খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত কিছু চালের বস্তা পাওয়া যায়। চালগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এক দোকানের মালিককে এই অপরাধে এক মাসে বিনাশ্রমের কারাদণ্ড দেয়া হয়েছে।