যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। ২০২১ অর্থবছরে দেশটির এই বিভাগে যৌন নিপীড়নের সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য সামনে আনা হয়েছে বলে জানিয়েছে এএফপি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সেক্সুয়াল অ্যাসাল্ট প্রিভেনশন অ্যান্ড রেসপন্স অফিস (এসএপিআর) জানিয়েছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ হাজার ৮৬৬টি যৌন নিপীড়নের ঘটনা রিপোর্ট করা হয়েছে। ২০২০ সালের একই সময় পর্যন্ত এই সংখ্যা ছিল ৭ হাজার ৮১৩টি। অর্থাৎ ২০২১ সালে যৌন নিপীড়নের ঘটনা বেড়েছে ১৩ শতাংশ।

যৌন নিপীড়নের এসব ঘটনার শুধুমাত্র একটি অংশ কর্র্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে বলে জানিয়েছে পেন্টাগনের এই দপ্তর। সৈন্যদের মাঝে সমীক্ষা চালিয়ে এসএপিআর আনুমানিক যে হিসাব সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে, প্রায় ৩৬ হাজার সক্রিয় কর্তব্যরত নারী এবং পুরুষ সেনা এই সময়ে যৌন হয়রানির সম্মুখীন হয়েছেন।

হয়রানির শিকার এসব সৈন্যর ৮.৪ শতাংশ নারী এবং ১.৫ শতাংশ পুরুষ। পেন্টাগন বলছে, যৌন নিপীড়ন হয়েছে কিনা সেটি পরিমাপ করতে ব্যবহৃত সিস্টেম বা পরিমাপের মান পরিবর্তনের কারণে এটি ‘সত্যিকার অর্থেই বেড়েছে কিনা তা বৈজ্ঞানিকভাবে নির্ধারণ করতে পারেনি’ তারা। কিন্তু অন্যান্য তথ্যের দিকে তাকালে এটি বোঝা যাচ্ছে যে, ২০১৮ সাল থেকে সেনাবাহিনীর ভেতরে অস্বাস্থ্যকর সামরিক পরিবেশ বৃদ্ধি পেয়েছে।

পেন্টাগনের অফিস অব ফোর্স রেজিলিয়েন্সির নির্বাহী পরিচালক এলিজাবেথ ফস্টার বলছেন, প্রতিবেদনে উঠে আসা সংখ্যায় এটিই নারীদের জন্য সর্বাধিক যৌন নিপীড়নের আনুমানিক হার বলে বোঝা যাচ্ছে। মূলত ২০০৬ সালে এই সমস্যাটি প্রথম নিবিড়ভাবে অধ্যয়ন করার পর এবারই এত বেশি নারী হয়রানির শিকার হয়েছেন।