বেতন বৃদ্ধিসহ ১৭ দাবি লাইটারেজ শ্রমিকদের

ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করা, ভারতে ল্যান্ডিং পাস নিশ্চিত, নৌপথে নাব্য বৃদ্ধি এবং চুরি-ডাকাতি বন্ধসহ ১৭ দফা দাবিতে মোংলায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে শ্রমিক সংগঠনটির মোংলা আঞ্চলিক শাখা।

এ সময় বক্তারা বলেন, বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবি চলতি মাসের মধ্যে মালিকপক্ষসহ সংশ্লিষ্টরা মেনে না নিলে যেকোনো মুহূর্তে সারা দেশে লাইটারেজ (নৌযান) শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু করা হবে।

এর আগে গত মাসেও একই দাবিতে মোংলায় সমাবেশ করে বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

গতকালের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা আঞ্চলিক শাখার সহসভাপতি মাইনুল হোসেন মিন্টু, সদস্য সচিব বাবু হালদার, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. কামাল মাস্টার, যশোর নওয়াপাড়া শাখার আহ্বায়ক জাকির হোসেন মাস্টার, সহ-সভাপতি আল আমিন মাস্টার প্রমুখ।