ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পাংশা শহরের প্রধান সড়কে পাংশা প্রেস ক্লাব, রাজবাড়ী জেলা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেস ক্লাবের সভাপতি এসএম রাসেল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক সুমন বিশ্বাস, মেহেদী হাসান, সোহেল রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নানাভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মামলায় জড়ানো হচ্ছে। সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে।
বক্তারা দ্রুত এই কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতায় সহযোগিতার দাবি জানান সরকারের প্রতি। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং এসব ঘটনার প্রতিবাদ জানানো হয়।