এবার চাকরিচ্যুত সেনা

কর্মকর্তা হাসিনুরের বিরুদ্ধে যশোরে মামলা

সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা হাসিনুর রহমানের (৫৮) বিরুদ্ধে যশোরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সামাজিকমাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও নিরাপত্তাবাহিনী নিয়ে ‘মিথ্যা’ বক্তব্য দেওয়ার অভিযোগে গত শুক্রবার রাতে যশোর কোতোয়ালি থানায় মামলাটি করেন স্থানীয় যুবলীগ নেতা তছিকুর রহমান রাসেল।

গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানিয়েছেন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হাবিবুর রহমানের ছেলে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বর্তমানে ঢাকার মিরপুর রোড ১২-তে ডিওএইচএস আবাসিকে বসবাস করেন। শুক্রবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।   

মামলা বিবরণে জানা যায়, ‘হাসিনুর গত ১৭ আগস্ট একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দেশের প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা সম্পর্কে কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক ও মিথ্যা বক্তব্য দিয়ে জনমনে ভ্রান্ত ধারণা ও ভীতি উদ্রেক করেন। তিনি সেনাবাহিনীতে থাকাকালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বিবরণে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর আইনে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি পেয়েছিলেন তিনি। এরপর থেকে নিজের অপকর্ম চাপা দিতে বিদেশে পলাতক ব্যক্তিদের যোগসাজশে অনলাইনে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে বিষোদগার ও কটূক্তি করে আসছেন। তার অপপ্রচার সাধারণ জনগণের জন্য বিভ্রান্তিকর। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’ 

এর আগে গত ২৪ আগস্ট রংপুর সাইবার ট্রাইব্যুনালে হাসিনুর রহমানের বিরুদ্ধে মামলা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। আর ২৬ আগস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস।