সুপ্রিম কোর্টে প্রায় দেড় মাসের অবকাশ শুরু হচ্ছে আজ থেকে। চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকাজ বন্ধ থাকবে। তবে, হাইকোর্টের অবকাশকালীন কিছু বেঞ্চে ফৌজদারি, দেওয়ানি এবং অন্যান্য মামলার শুনানি ও নিষ্পত্তি হবে।
ইতিমধ্যে বেশ কিছু অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর মধ্যে ৯টি বিশেষ বেঞ্চে নির্ধারিত কার্যদিবসে মৃত্যুদ--সংক্রান্ত ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) মামলার শুনানি ও নিষ্পত্তি হবে। এ ছাড়া অবকাশ সময়ে ফৌজদারি, দেওয়ানি ও অন্যান্য মামলা নিষ্পত্তির জন্য ১৭টি দ্বৈত ও ৬টি একক বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি।
গত মার্চে সুপ্রিম কোর্টের অবকাশকালীন প্রথমবারের মতো ডেথ রেফারেন্স মামলা শুনানির উদ্যোগ নেন প্রধান বিচারপতি। গত ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১০ দিনের অবকাশ সময়ে ফাঁসির মামলা নিষ্পত্তির লক্ষ্যে ১১টি বিশেষ বেঞ্চ গঠন করা হয়। ওই সময়ে ৩৫টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয় এসব বেঞ্চে। এর ধারাবাহিকতায় এবারের অবকাশেও বিশেষ বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার শুনানি হবে।
এবার যেসব বেঞ্চে ডেথ রেফারেন্স মামলার শুনানি হবে, সেগুলো হলোÑবিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ; বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বশির উল্লাহ; বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি কাজী ইবাদত হোসেন; বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকার; বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার; বিচারপতি এ এন এম বশির উল্লাহ ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম; বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক; বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী; বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন।
বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদ-ের রায় হলে সেটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। এটি অনুমোদন করতে হাইকোর্টে শুনানি করতে হয়। পেপারবুক (বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথি) প্রস্তুত সাপেক্ষে শুনানি হয় ক্রম অনুসারে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হাইকোর্টে এখন ২০১৭ সালের ডেথ রেফারেন্স মামলার শুনানি চলছে। শুনানির অপেক্ষায় রয়েছে সাড়ে আট শোর কাছাকাছি। বিচারিক আদালতে বিভিন্ন সময়ে ফাঁসির রায়ের পর দুই হাজারের বেশি আসামি দেশের বিভিন্ন কারাগারের কনডেম সেলে রয়েছেন।
উচ্চ আদালতে দীর্ঘ দিন ধরে ডেথ রেফান্সে মামলার শুনানি ও নিষ্পত্তিতে ধীরগতির অনুযোগ ছিল আইনজীবী ও বিচারপ্রার্থীদের। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে গতি আসে। ফাঁসির মামলার জট কমানোর এ উদ্যোগকে স্বাগত জানান রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।
এদিকে সুপ্রিম কোর্টের অবকাশ সময়ে আপিল বিভাগের নিয়মিত বিচারকাজ বন্ধ থাকলেও চেম্বার আদালতে জরুরি বিষয়সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে। প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী, আজ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিচারপতি মো. বোরহান উদ্দিন চেম্বার আদালতে নির্ধারিত কর্মদিবসে বিচারকাজ পরিচালনা করবেন।