প্রতিশোধের মিশনে নামার আগে ঘাম ঝড়ালেন নাসিমরা

সপ্তাহের ব্যবধানে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ফের মুখোমুখি হচ্ছে। আজ রবিবার রাত ৮ টায় এশিয়া কাপের সুপার ফোরে খেলতে নামছে দুই দল। টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় লড়াই। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিলেন রোহিতরা। আজকের ম্যাচটিতের তাই প্রতিশোধের লক্ষ্যেই মাঠে বাবর আজমরা। খেলা শুরুর আগে ভাল প্রস্তুতি নেওয়ার জন্য জিমে ঘাম ঝরতে দেখা গেছে নাসিম শাহদের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল অ্যাকাউন্ট টুইটারে জিমে ট্রেনিং সেশনের একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে পাকিস্তানি খেলোয়াড়দের ভারোত্তলনসহ অন্যান্য অনুশীলন করতে দেখা যায়। ভিডিও শেয়ার করে তারা লিখেছেন  ‘ঘাম এবং কঠোর পরিশ্রম! ছেলেদের জন্য তীব্র জিম সেশন। #AsiaCup2022 #BackTheBoysInGreen।’

এর আগে গ্রুপ পর্বে পাকিস্তান তাদের দ্বিতীয় ও শেষ ম্যাচে হংকংকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সবুজ জার্সিধারি নাসিম শাহ, শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজদের সেদিন দুর্দান্ত বোলিং করতে দেখা গেছে। উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত ফর্মে আছেন। টুর্নামেন্টে ১২১ রান সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। মিডল অর্ডারে ফখর জামান ও ইফতিখার আহমেদের সঙ্গে পাকিস্তানের ব্যাটিংও বেশ শক্তিশালি। পাওয়ার-হিটার খুশদিল শাহের উপস্থিতি তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।

তবে চলতি টুর্নামেন্টে অধিনায়ক বাবর আজমের রান খরা দলটিকে কিছুটা চাপের মধ্যে রাখছে। এছাড়া ভারত ম্যাচের আগে পেসার শাহনেওয়া দাহানির চোটও পাকিস্তানকে ভাবিয়ে তুলেছে।

এদিকে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে প্রথম ম্যাচের জয় থেকে অনুপ্রেরণা পেতে পারে। বাবর আজমদের প্রতিশোধের আগুনে জল ঢেলে ফের জয় ছিনিয়ে নিতে পারে। এই ম্যাচ জিতলে ফাইনালের পথ কিছুটা প্রশস্ত হবে।