ছাগলে ফসল খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

পাবনার সুজানগর উপজেলায় ছাগলে জমির ফসল খাওয়ার জেরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এরশাদ শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংঘর্ষে অন্তত চার-পাঁচজন আহত হয়েছে।

গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চলনা গ্রামের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। এরপর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত এরশাদ শেখ চলনা গ্রামের মাদারতলা এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার বিকেলে ছাগলে জমির ফসল খাওয়া নিয়ে সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ^াস ও তার আত্মীয় আকাই শেখের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। তাদের মধ্যে আগে থেকে পারিবারিক কলহ ছিল। পরে রাতে তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় কিছুক্ষণ গোলাগুলিও চলে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন। নিহত এরশাদ আকাই শেখের অনুসারী। সুজানগর থানার ওসি আবদুল হান্নান বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বিকেলে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।