আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের প্রবেশপথের কাছে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবারের এ ঘটনায় সাধারণ আফগানও হতাহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ও আফগানিস্তানের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। খবর বিবিসি, রয়টার্স ও দ্য টেলিগ্রাফের।
রুশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে দেশটির দূতাবাসের দুজন কর্মী রয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, নিহত অন্যজন সাধারণ আফগান। এর আগে রিয়া জানিয়েছিল, সম্ভবত আত্মঘাতী হামলায় একজন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
কাবুলের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী ওই হামলাকারী দূতাবাস নিশানা করেছিল। কিন্তু সে এগিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। এতে করে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
অবশ্য রুশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, কাবুলের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে সেখানে অবস্থিত রাশিয়ার দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রবেশ পথের কাছেই এক জঙ্গি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। এতে ওই দপ্তরের দুজন কর্মী নিহত হয়। এ ছাড়া আশপাশের আফগান নাগরিকরাও হতাহত হয়েছে। দূতাবাস থেকে আফগান নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নিরাপত্তা বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে।
রুশ সংবাদ সংস্থা রিয়া জানিয়েছে, বাইরে অপেক্ষমাণ লোকজনের মধ্য থেকে যারা ভিসাপ্রার্থী, তাদের ডাকার জন্য একজন কূটনীতিক যখন বাইরে আসেন, তখনই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে ৮-১০ জনের মতো নিহত হয়েছে বলে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে।
কাবুল পুলিশপ্রধানের মুখপাত্র খালিদ জারদান জানান, অন্তত একজন সাধারণ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। তিনি জানান, আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে বোমা ফাটানোর চেষ্টা করে, কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে শনাক্ত করে গুলি করে। তবে এটা স্পষ্ট নয় যে হামলাকারী বোমা ফাটাতে সক্ষম হয়েছিল কি না।
তালেবান জঙ্গিরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানে দূতাবাস খোলা রাখা অল্প কয়েকটি দেশের মধ্যে রাশিয়াও রয়েছে। যদিও দেশটি তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া থেকে গম, গ্যাস ও জ¦ালানি তেল আমদানির লক্ষ্যে তালেবান সরকার দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে।