রাইট ও প্লেসমেন্ট শেয়ারে মূলধন বাড়াবে ন্যাশনাল টি

বোনাস ইস্যুর প্রস্তাব বাতিলের পর এবার রাইট ও প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত চা উৎপাদনকারী কোম্পানি ন্যাশনাল টি। মূলধন বাড়াতে সাধারণ শেয়ারহোল্ডারদের প্রতি একটি শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এছাড়া কোম্পানিটিতে সরকারের মালিকানা ৫১ শতাংশে উন্নীত করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার বিক্রি করা হবে।

গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের এমন সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে ন্যাশনাল টি কর্তৃপক্ষ। মূলত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাধ্যবাধকতা আরোপের কারণে পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকায় উন্নীত করতে এমন পদক্ষেপ নিয়েছে ন্যাশনাল টি।

বর্তমানে ন্যাশনাল টির পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা। এ মূলধন ২৩ কোটি ৪০ লাখ টাকা বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করা হবে বিদ্যমান শেয়ারধারীদের কাছে শেয়ার বিক্রি করে। এজন্য সাধারণ বিনিয়োগকারীদের রাইট শেয়ার দেওয়ার পাশাপাশি কোম্পানিটির মালিকানায় থাকা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রাইভেট প্লেসমেন্টে নতুন করে শেয়ার বিক্রি করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ২০২১ সালে পুঁজিবাজারে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন বাড়িয়ে ন্যূনতম ৩০ কোটি টাকা করার নির্দেশনা জারি করে। ধাপে ধাপে এ মূলধন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা পরিপালন করতে গিয়ে রাইট ও প্লেসমেন্ট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টি।

কোম্পানি সূত্রে জানা যায়, বর্তমানে কোম্পানিটির মালিকানায় থাকা সরকারি বিভিন্ন সংস্থার হাতে সম্মিলিতভাবে ৫০ শতাংশের কম শেয়ার রয়েছে। তাই কোম্পানিটিতে সরকারি মালিকানার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ৫১ শতাংশ শেয়ার এসব প্রতিষ্ঠানের হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে ৫১ শতাংশ শেয়ার নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার কাছে প্রাইভেট প্লেসমেন্টে শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। সরকারি সংস্থার ৫১ শতাংশ মালিকানা নিশ্চিত হওয়ার পর বিদ্যমান শেয়ারধারীদের মধ্যে একটি শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ইস্যু করা হবে। তবে রাইট শেয়ার অভিহিত মূল্যে নাকি প্রিমিয়ামে বিক্রি হবে, তা জানায়নি কোম্পানিটি। এসইসির অনুমোদনের পর রাইট শেয়ারের মূল্য চূড়ান্ত করা হবে বলে কোম্পানি সূত্র জানিয়েছে।

অবশ্য কোম্পানিটির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের দাম ১১৮ টাকা হতে পারে, যার মধ্যে ১০৮ টাকা প্রিমিয়াম। তবে শেষ পর্যন্ত প্রিমিয়াম ঠিক হবে এসইসির অনুমোদন সাপেক্ষে। ন্যাশনাল টি নতুন করে রাইট শেয়ার ইস্যু করার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২০ অক্টোবর বিশেষ সাধারণ সভা বা ইজিএম ডেকেছে। ওই সভায় শেয়ারধারীদের অনুমোদনের পর বিষয়টি নিয়ন্ত্রক সংস্থায় অনুমোদনের জন্য পাঠানো হবে।