সাভারের হেমায়েতপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কের ঝাউচর এলাকা থেকে নাসির হোসেন (৩৫) নামে ওই চালকের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। অন্যদিকে একই দিন লালমনিরহাটের কালীগঞ্জে নদী থেকে সুলতান মিয়া (৩৮) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভারে নিহত নাসির হোসেন খুলনা জেলার বাগেরহাট থানার আইয়ুব আলীর ছেলে। তিনি হেমায়েতপুর পূর্বহাটি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী লাভলী বেগম জানান, গত সোমবার রাতে তার স্বামী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। মোবাইলে অনেকবার কল করা হলেও রিসিভ করেননি। পরে গতকাল ভোরে পুলিশ তাকে ফোন করে স্বামীর মৃত্যুর খবর জানায়।
হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ওই চালককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।’
এদিকে গতকাল দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তা শাখা নদী থেকে অটোরিকশাচালক সুলতান মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগনি ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে। নিহতের বাবা আবদুল গফুর জানান, গত সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি সুলতান। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।