বার্সা বায়ার্ন ইন্তারের মৃত্যুকূপের লড়াই আজ থেকে

চ্যাম্পিয়নস লিগে আজ ‘সি’ গ্রুপের মৃত্যুকূপে পড়া চার দলের খেলা। ক্যাম্প ন্যুতে বার্সেলোনা আতিথেয়তা দেবে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনকে। অপর ম্যাচে সান সিরোয় ইন্তার মিলান খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এছাড়া ভিন্ন গ্রুপে নাপোলির মাঠে খেলবে গতবারের রানার্সআপ লিভারপুল। টটেনহ্যামের ম্যাচ মার্শেইয়ের সঙ্গে।

রবার্ট লেভানডফস্কি, রাফিনহাকে দলে টেনে এবার মৌসুমের শুরুটা ভালোই করেছে বার্সেলোনা। লা লিগায় প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা তিনটি জিতেছে। লেভানডফস্কি এরই মধ্যে চার ম্যাচে করেছেন পাঁচ গোল। রাফিনহাও গোল পেয়েছেন সবশেষ ম্যাচে। প্রতিপক্ষ এই গ্রুপের সহজতম দল ভিক্টোরিয়া প্লাজেন। বার্সেলোনার সঙ্গে ২০১১-১২তে গ্রুপপর্বে দেখা হয়েছিল প্লাজেনের। দুই লেগেই জিতেছিল বার্সা। ন্যু ক্যাম্পে ২-০, অ্যাওয়েতে বার্সার জয়টা ছিল ৪-০তে। প্লাজেন ২০১৮-১৯-এর পর এবার খেলছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে। এবার চেক লিগে ছয় ম্যাচে ৫ জয়, ১ ড্র প্লাজেনের।

ইন্তার মিলান সবশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ২০১০ সালে। সেবার ফাইনালে তারা হারিয়েছিল বায়ার্ন মিউনিখকেই। পরের মৌসুমে শেষ ষোলোতে দেখা হয় দল দুটির। ইন্তারের মাঠে প্রথম লেগ ১-০তে জিতেছিল বায়ার্ন। দ্বিতীয় লেগে ইন্তারের জয়টি ছিল ৩-২ গোলে। সব মিলিয়ে ৯ দেখায় বায়ার্ন যেমন জিতেছে ৩ ম্যাচ, ইন্তারও জিতেছে ৪ বার। দুটি ম্যাচ হয় ড্র। পরিসংখ্যানে স্পষ্ট, দু’দলের খেলা মানেই তীব্র লড়াই।

লেভা চলে গেছেন বার্সায়। সাদিও মানে আছেন বায়ার্নে। তবু বুন্দেসলিগাতে সবশেষ দুই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। পাঁচ ম্যাচে ৩ জয়, দুই ড্র তাদের। সিরি আ’তে ইন্তারও জিতেছে ৩টি, ২ হার। সবশেষ ম্যাচে এসি মিলানের কাছে হারে ইন্তার। তবে সান সিরোয় নিজেদের হোম ম্যাচের সবশেষ ৯টিতে হারেনি তারা। ফলে আজ বায়ার্নের জয় কঠিন হবে।

লিগে নিজেদের হারিয়ে খুঁজছে লিভারপুল। গেল মৌসুমে যারা মাত্র এক পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া করেছিল, সেই লিভারপুল ছয় ম্যাচ শেষে আছে সাত নম্বরে। সালাহ জ্বলে উঠতে পারছেন না। ডারউইন নুনেজ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এক ম্যাচ আগে। ছয় ম্যাচের একটিতে হারলেও ড্র তিনটি। আবার বোর্নমাউথের সঙ্গে লিভারপুল ৯ গোলও দিয়েছে।

চ্যাম্পিয়নস লিগে চার ম্যাচে দুটিতে জিতেছে নাপোলি, একটি জয় লিভারপুলের। ড্র হয় একটি। ২০১৯-২০ মৌসুমেও একই গ্রুপে পড়েছিল দল দুটি। অ্যানফিল্ডে ম্যাচ হয়েছিল ১-১ ড্র। নাপোলি নিজেদের মাঠে জিতেছিল ২-০তে। এ গ্রুপে লিভারপুলের সঙ্গে নাপোলি বাদেও আছে আয়াক্স ও রেঞ্জার্স। অপর ম্যাচে মুখোমুখি হবে তারা।

বি গ্রুপের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে এফসি পোর্তোর। এছাড়া ডি গ্রুপে টটেনহ্যাম-মার্শেই এবং আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-স্পোর্টি সিপি ম্যাচ আজ।