বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলেছেন, সেটি বিএনপি এবং বেগম খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য। প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়া ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল- গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে কী কথা হয়েছে? তখন বেগম জিয়া বলেছিলেন, “আল্লাহ, আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম!”’
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত থেকে যা আদায় সেটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাই করেছেন। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত চমৎকার, রক্তের অক্ষরে লেখা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। আমাদের সরকার ভারত থেকে অনেক কিছু আদায় করেছে। প্রধানমন্ত্রী পরপর তিনবার রাষ্ট্রক্ষমতা পরিচালনার প্রথমবার তামাক জাতীয়সহ মাত্র ২০টি পণ্য বাদে সকল পণ্যের ওপর শুল্কমুক্ত রপ্তানি আদায় করেছেন। ’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে যে মৈত্রী চুক্তি করেছিলেন, সেটির অধীনেই কিন্তু আমাদের ছিটমহলগুলো আমাদের হস্তান্তর করার কথা ছিল। মাঝখানে বিএনপি কয়েক দফা ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব ক্ষমতায় ছিলেন, জরুরি সরকার ক্ষমতায় ছিল। কিন্তু কেউ এই ছিটমহলগুলোর অধিকার আদায় করতে পারেনি। ছিটমহলে লাখ লাখ মানুষের কোনো দেশের পরিচয় ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারই ভারতের সঙ্গে আলাপ-আলোচনা করে চুক্তি হওয়ার বহু দশক পরে সেটি আদায় করেছে, ছিটমহলগুলো আমাদের অধিকারে এসেছে, আমাদের দেশের আয়তন বেড়েছে। ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা সমুদ্রসীমা জয়লাভ করেছি। সুতরাং ভারতের কাছ থেকে যা কিছু আদায় সেটি আওয়ামী লীগ সরকারই করেছে, জননেত্রী শেখ হাসিনাই করেছেন। আর বিএনপি ভারতকে সব দিয়ে এসেছে।’