করোনায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার ৭৬৭ জন অসচ্ছল ক্রীড়াসেবীকে ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে। একইসঙ্গে ফুটবল কোচ মিলন মিয়ার চিকিৎসা বাবদ প্রধানমন্ত্রী কর্তৃক ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে করোনাকালীন বিশেষ অনুদানের ও প্রধানমন্ত্রী প্রদত্ত চিকিৎসার চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শাহাদাত বরণের মাত্র ৯ দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায়, দুস্থ ও অসচ্ছল ক্রীড়াসেবীদের কল্যানার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সময়েও তিনি বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ৩০ কোটি টাকার সিডমানি ও এর পূর্বে আরও ১০ কোটি টাকার সিডমানি দিয়েছেন। এ জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আশা করি, ভবিষ্যতেও আমরা এভাবেই আমাদের ক্রীড়াবিদদের পাশে থাকবো।’
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।