আন্তর্জাতিক অঙ্গনে কাজের প্রথম ধাপ এটি

চিত্রনায়িকা জাহারা মিতুর হাতে বেশকিছু সিনেমা। নতুন ছবির শ্যুটিং শুরু করবেন শিগগিরই। এরই মধ্যে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার বিচারক হিসেবেও কাজ করবেন। এ নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

বিচারক...

আসলে অল্প বয়সে আমি নানা ধরনের কাজের অভিজ্ঞতা অর্জন করেছি। বিদেশে উচ্চতর পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনের ওপর। তাই অনেক আগে থেকেই ফ্যাশন অঙ্গনের সঙ্গে আমার সম্পৃক্ততা। আমার হাত দিয়ে দেশের কয়েকশ মডেলের ক্যাটওয়াকের হাতেখড়ি। কাজ করেছি গার্মেন্টস সেক্টরেও। তখন মূলত ক্যামেরার পেছনেই কাজ করেছি বেশি। একটা সময় নিজেই দেশের বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করি। এর মধ্যে শুধু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বাদে সবগুলো প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হই। তেমনি একটি প্রতিযোগিতা ছিল মিস সুপার মডেল বাংলাদেশ। সেই প্রতিযোগিতার বিজয়ী হয়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা রাখি। মোটকথা, দেশি ও বেদেশি সুন্দরী প্রতিযোগিতার বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাই কাজে লাগাব ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ‘মিস সুপার মডেল ওয়ার্ল্ডওয়াইড ২০২২’-এর বিচারক হিসেবে। আগামী ৭ অক্টোবর বসবে এই আসর। বিশে^র প্রায় ৪০টি দেশের প্রতিনিধি আসবেন প্রতিযোগিতায় অংশ নিতে। বিচারক প্যানেলেও বলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধি থাকবেন। এমন একটি প্রেস্টিজিয়াস শোতে নিজের দেশকে গৌরবের সঙ্গে তুলে ধরতে পারব, এটাই সবচেয়ে সম্মানের।

পেছনের গল্প...

‘মিস সুপার মডেল ওয়ার্ল্ডওয়াইড ২০১৮’-এর আয়োজন হয়েছিল ভারতে। সেই প্রতিযোগিতায় আমি ছিলাম একজন প্রতিযোগী। ১১ দিনব্যাপী আয়োজনে ভিসাগত জটিলতার কারণে প্রথম ৫ দিন আমি অংশ নিতে পারিনি। তাই সেবার বিজয়ীর তালিকায় আমার নাম আসেনি। কিন্তু শেষ ৬ দিনে আমার পারফরম্যান্স আয়োজকদের মনে হয়তো দাগ কাটে। তাই তো ঠিক তার পরের বছরই তারা আমাকে এই প্রতিযোগিতার বিচারক হিসেবে প্রস্তাব করেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে যেতে পারিনি সেবার। এরপরের বার আমার সিনেমার ব্যস্ততা শুরু হয়ে যায়, তারপর তো করোনার জন্য কিছুই সেভাবে স্বাভাবিক ছিল না। তাই এবার ভাবলাম সব ঠিকঠাক করে অবশ্যই বিচারকের আসনে বসব। এক মাস আগেই সব ঠিক হয়ে গেলেও ভিসা না পেয়ে কাউকে জানাতে চাইনি।

আন্তর্জাতিক অঙ্গনে...

আমি সব সময় মডেলিং নিয়েই কাজ করতে চেয়েছি। পারিপারিক দায়িত্বের কারণে হয়তো উপস্থাপনা শুরু করি। কিন্তু অভিনয় করব কখনো ভাবিনি। প্রথম প্রস্তাব পাই আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের নায়িকা হিসেবে, এমন সুযোগ নিশ্চয়ই কেউ হাতছাড়া করতে চাইবে না। এরপর কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে। এরপর তো এক এক করে সিনেমায় যুক্ত হওয়া। কিন্তু মনের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্নটা আজও বেঁচে আছে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতার বিচারক হিসেবে যে যাত্রা শুরু করতে যাচ্ছি, সেটিকে বলতে পারেন আন্তর্জাতিক অঙ্গনে কাজের প্রথম ধাপ। ভবিষ্যতে আমি আরও বড় পরিসরে নিজেকে দেখতে চাই।

সিনেমার ব্যস্ততা...

শত্রু সিনেমার গানের শ্যুটিং করেই ভারতে যাব। এরপর ফিরে ‘আগুন’ ছবির কাজ শুরু করতে পারি। সম্প্রতি চিত্রনায়ক রোশানের সঙ্গে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। নাম ‘দ্য ডল’। সেই ছবির কাজও এ বছর শুরু হবে। এ ছাড়া হাতে আছে ‘কমান্ডো’, ‘কুস্তিগীর’, ‘জয় বাংলা’, ‘যন্ত্রণা’ ছবিগুলোর কাজ। ছবিগুলোতে আমার নায়ক শাকিব খান, বাপ্পী চৌধুরী ও ভারতের দেব। এ বছরই বড় পর্দায় আসতে যাচ্ছে আমার প্রথম ছবি, কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’।