নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ভুয়া এনজিওর (বেসরকারি উন্নয়ন সংস্থা) বিরুদ্ধে প্রতারণা করে তিন শতাধিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গ্রাহকরা ওই এনজিও’র নামে প্রতারণা করা প্রতারকদের শাস্তি ও তাদের গচ্ছিত থাকা টাকা উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।
ওই এনজিও’র অফিসে তালা মেরে প্রতারকরা পালিয়ে যাওয়ার পর থেকে নিরীহ গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় কয়েকজন গ্রাহক বাদী হয়ে রূপগঞ্জ থানায় প্রতারকদের বিরুদ্ধে অভিযোগও দিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত রুপালী ফাউন্ডেশন নামের ভুয়া এনজিও’র প্রতারকরা পালিয়ে যাওয়ার পর বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।
গ্রাহকরা অভিযোগ করে জানান, তিন বছর আগে গঙ্গানগর এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে রুপালী ফাউন্ডেশন নামের একটি এনজিও অফিস ভাড়া নেওয়া হয়। বাড়ির মালিক ফিরোজ মিয়াও গ্রাহকদের টাকা দিতে উৎসাহিত করেন। এরপর সদস্য করে গ্রাহকদের কাছ থেকে কিস্তির মাধ্যমে টাকা উত্তোলন শুরু করে তিন শতাধিক মানুষের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা তুলে গত মঙ্গলবার অফিস তালাবদ্ধ করে পালিয়ে যান। ঘটনার পর পালিয়ে রয়েছেন বাড়ির মালিকও। প্রতারণার শিকার ১৮ জন গ্রাহক বাদী হয়ে বাড়ির মালিক ফিরোজ মিয়াসহ প্রতারকদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
উপজেলা সমাজসেবা অফিসার রিয়াজ উদ্দিন বলেন, রুপালী ফাউন্ডেশন নামের কোনো এনজিও আছে বলে আমার জানা নেই।