করোনা শনাক্তের হার বাড়ছে

দেশে ১৫ দিন ধরে করোনা আক্রান্ত রোগীর শনাক্তের হার বাড়ছে। পাশাপাশি নতুন রোগীর সংখ্যা ওঠানামা করছে। এক দিনে নমুনা সংগ্রহ হয়েছে ৪ হাজার ৭৩টি। নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৬৬টি। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮২ জন। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশে। এর আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭১ শতাংশ।

গত ২৫ আগস্ট থেকে করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। সেদিন নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৮ শতাংশ। এরপর থেকেই এই হার ধীরে ধীরে বাড়ছে। গতকাল বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ২৮২ জনের মধ্যে। তাদের মধ্যে ২৪৪ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যা এক দিনে শনাক্ত রোগীর ৮৭ শতাংশ। বাকি রোগী অন্যান্য বিভাগের। এর মধ্যে রাজশাহীতে ১৪, চট্টগ্রামে ৭, সিলেটে ৭, খুলনায় ৫, বরিশালে ৪, রংপুরে ১ জন এবং ময়মনসিংহে কোনো রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে দেশে রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জন। তবে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ৩২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ২১৩টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।