শিক্ষামন্ত্রী বললেন

প্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করে দিতে পারে না। কারণ এটি অধিকার, এটি নিষিদ্ধ করা যায় না। কিন্তু দলীয় রাজনীতি কীভাবে হবে, তা নিয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা বা বোঝাপড়ার মধ্য দিয়েই সেটি হওয়া উচিত। আমরা চাই সেটি ইতিবাচক হোক। সেখানে যেন কোনো নেতিবাচকতা না থাকে। যদি নেতিবাচক কিছু না থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপত্তি থাকার কথা। যে পর্যায় থেকে আমরা রাজনীতি করি না কেন, রাজনীতিকে ইতিবাচক হতেই হবে।’

গতকাল বুধবার বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে ইউনেসকো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২২-২৩-এর অধীন প্রকল্প বাস্তবায়নের চেক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজনীতি করা মানুষের অধিকার। আমাদের জাতি হিসেবে যত অর্জন তার প্রতিটিতে ছাত্ররাজনীতি বিশেষ অবদান রেখেছে। আবার যখন সামরিক স্বৈরাচাররা এসেছে, তারা ছাত্ররাজনীতিকে অপব্যবহার করেছে। রাজনীতি সচেতন হওয়া প্রত্যেকটি মানুষের জন্য জরুরি; বিশেষ করে শিক্ষার্থীরা, তারা আমাদের দেশের ভবিষ্যৎ। যে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে, তা এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে।’

সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অনেক প্রতিষ্ঠান তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না বলে ঘোষণা দিয়েছে।