নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, তিনজন নিহত

গোপালগঞ্জের ডুমদিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আবু নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ডুমদিয়া স্ট্যান্ডে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা এক্সকাভেটরবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আরও একজন মারা যান। মারা যাওয়াদের নাম পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।