আ.লীগের দুপক্ষের পাল্টাধাওয়ায় মাথা ফাটল পথচারীর

নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ঘিরে সভাস্থলের বাইরে সংগঠনটির বিবদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে মাথা ফেটে যায় এক পথচারীর। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের আবদুল মালেক উকিল সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা ঢোকার আগ থেকেই প্রবেশপথের সামনে অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে সেøাগান দিতে থাকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন অনুসারীরা। বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টা সেøাগান দেয় সাংসদ একরামুল করিম চৌধুরীর অনুসারীরা। তখন দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিত-া, পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে এক পথচারীর মাথা ফেটে যায়।

সুধারাম থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকাল ১১টায় বর্ধিত সভা শুরু হয়। এত আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক  অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সভায় নোয়াখালীর বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আহ্বায়ক কমিটির ৮৪ সদস্যের মধ্যে ৮৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদ উল্লাহ খাঁন সোহেল জানান, সভায় আগামী ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া জেলা সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়।