প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে অত্যন্ত সফল এবং ফলপ্রসূ আখ্যায়িত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া এই ইস্যুতে বিএনপি নানা ধরনের কথা বললেও এখন চুপসে গেছে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়েজিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ওই দেশের স্থলভাগ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের গার্মেন্ট পণ্যসহ বিনাশুল্কে পণ্য রপ্তানির করার সুযোগ। এ সুযোগ পাওয়ার জন্য বহু বছর ধরে বাংলাদেশ চেষ্টা করে এসেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘এই ভারত সফর নিয়ে বিএনপি নানা ধরনের কথা বলেছে, এখন নিশ্চয়ই চুপসে গেছে। কিন্তু এরপরও বিএনপির ফখরুল সাহেবরা আজকালের মধ্যে কিছু একটা বলবেন।’ তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে। আমাদের সরকারই ভারতের কাছ থেকে সবকিছু আদায় করেছে। ১৯৭৪ সালে ছিটমহল চুক্তি হয়েছে। চার দশকে কেউ সেই ছিটমহল আমাদের অধিকারে আনতে পারেনি। তারা কোন দেশের নাগরিক সেটা বলতে পারত না। জননেত্রী শেখ হাসিনার সরকার ছিটমহলগুলো আমাদের অধিকারে এনেছেন।’ তিনি আরও বলেন, ‘ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক, সেটির বড় প্রমাণ হচ্ছে, আমরা আন্তর্জাতিক আদালতে ভারতের সঙ্গে মামলা করে সমুদ্রসীমা জয়লাভ করেছি।’
প্রকৃতপক্ষে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সেটি আরও নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। তার প্রমাণ হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য বিনাশুল্কে রপ্তানির সুযোগ তৈরি করে দেওয়া।’
অনুষ্ঠানে চট্টগ্রামের ৩৬ জন সাংবাদিকের হাতে ৩৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় তথ্যমন্ত্রী বলেন, সারা দেশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের একটি আশা-ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছে। একজন সাংবাদিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে এককালীন ৩ লাখ টাকা দেওয়া হয়। একজন সাংবাদিক অসুস্থ হলে তাকে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী। সংগঠনের যুগ্ম সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।