খালেদা জিয়ার মুক্তি

মেয়াদ বাড়াতে আজ-কালের মধ্যে আবেদন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ২৪ তারিখ। আজ-কালের মধ্যে তার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে।

গতকাল শনিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন খালেদা জিয়ার মেঝো বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন করা হবে। বিষয়টি ছোট ভাই শামীম এস্কান্দারই দেখাশোনা করেন। আজ-কালের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে।’

এদিকে গতকাল এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এখন পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদ বাড়ানোর কোনো আবেদন করা হয়নি। তবে আবেদন পেলে আরও ছয় মাস মুক্তির মেয়াদ বাড়ানো হবে।’

দুর্নীতির মামলায় দন্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া।   দেশে করোনা মহামারী শুরু হলে তার বিশেষ মুক্তির আবেদন জানায় পরিবার। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর একই প্রক্রিয়ায় কয়েক দফা মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। মুক্তির শর্তে বলা হয়েছে, খালেদা জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন এবং  দেশের বাইরে যেতে পারবেন না।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। প্রতিদিনই মেডিকেল বোর্ডের সদস্যরা ম্যাডামের গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন।’

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডিত হয়েছেন খালেদা জিয়া।