ভক্তের রক্তে আঁকা নিজের ছবি প্রসঙ্গে সোনু সুদ

'রক্ত দিয়ে ছবি না এঁকে, রক্ত দান করুন'

করোনা মহামারির শুরু থেকেই মানুষের সঙ্কটে ত্রাতা হয়ে দাঁড়ান সোনু সুদ। গোল্ডেন হার্টের পরিচয় দেন বারবার। সে কারণেই তার অনুগামীরা ভালোবেসে তাকে নানা উপহার দেন।

সম্প্রতি ভাইরাল হলো এমনই এক উপহার। উপহারটি দেখে প্রথমে খুব সাধারণ মনে হলেও সেটি সম্পর্কে জানলে আপনার মুখটাও হাঁ হয়ে যাবে। কিন্তু কী এমন আছে উপহারে!

উপহারটি হলো সোনু সুদের পোট্রেট। কিন্তু রঙের বদলে রক্ত দিয়ে আঁকা। ভক্ত এই উপহার দেওয়ার সময় একটি ভিডিও করেন, সেটি ট্যুইটারে শেয়ারও করেন। সোনু সুদ সেটি রিট্যুইট করে ক্যাপশনে লেখেন, 'রক্ত দিয়ে আমার ছবি বানিয়ে রক্ত নষ্ট না করে, রক্তদান করুন আমার ভাই'।

ভিডিওতে দেখা যাচ্ছে, ভক্তের দেওয়া উপহার হাতে নিয়ে সোনু বলছেন, আমি এখন মধু গুর্জারের সঙ্গে দাঁড়িয়ে আছি। তিনি একজন মহান শিল্পী। তিনি আমাকে আমার একটি পেইন্টিং উপহার দিয়েছেন। খালি একটি ভুল করেছেন, এটি রক্ত দিয়ে এঁকেছেন। সোনু সুদ বারবারই বলছেন, রক্তের বদলে রঙ ব্যবহার করা উচিত ছিল। কিন্তু এর উত্তরে সেই শিল্পী জানান, সোনুর জন্য তিনি প্রাণও দিয়ে দিতে পারেন। সবাই শুধু নিজের কথা ভাবে, কিন্তু আপনি আলাদা। অনেক দরিদ্রের কঠিন সময়ে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শিল্পীর সঙ্গে সঙ্গে ভিডিওতে উপস্থিত বাকিরা একসময় একসঙ্গে বলেন, 'আপনি আমাদের কাছে ভগবানের মতো'. সোনু যখন জানান, এভাবে রক্তের অপচয় না করে রক্তদান করা উচিত। তখন অন্য একজন ভক্ত বলেন, 'কিন্তু তিনি আপনাকে এই রক্ত দান করেছেন' . এককথায়, ভক্তরা এটিকে ভুল হিসেবে মানতে একদমই নারাজ।

ভারত করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে অনেকদিন। কিন্তু আজো বহু মানুষ মুম্বাইয়ে সোনু সুদের অ্যাপার্টমেন্টে সাহায্য চাইতে আসেন। সোশাল মিডিয়ায় তাকে ট্যাগ করে আজো বহু মানুষ নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। আজ পর্যন্ত কাউকে পুরোপুরি খালি হাতে ফেরত যেতে হয়েছে বলে শোনা যায়নি। সূত্র : জিনিউজ