রূপালী ব্যাংকের বোনাসে এসইসির সম্মতি

অবশেষে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের লভ্যাংশসংক্রান্ত জটিলতার অবসান হয়েছে। ব্যাংকটির ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রবিবার এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে এসইসি।

এ বিষয়ে এসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংক রূপালী ব্যাংককে নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস দেওয়ার জন্য বলেছে। কমিশন বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাতে সম্মতি দিয়েছে।

চলতি বছর ২৮ এপ্রিল রূপালী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। ওই হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ১০ পয়সা।

তবে কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশ দেওয়ার প্রস্তাবটি বাতিল করে এসইসি। এসইসির আপত্তির কারণে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বোনাস লভ্যাংশ পরিবর্তন করে নগদ লভ্যাংশের সুপারিশ আসে। কিন্তু সেই নগদ লভ্যাংশ বাতিল করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে লভ্যাংশ ঘোষণা নিয়ে বিপাকে পড়ে ব্যাংকটি।

এ অবস্থায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনরায় বোনাস লভ্যাংশ সুপারিশ এসইসিতে তা অনুমোদনের আবেদন জানায়। গতকাল বিশেষ বিবেচনায় নগদ লভ্যাংশ দেওয়ার পরিবর্তে বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে কমিশন।