নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া বিল থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় চাষিরা সকালে পাঁচুড়িয়া বিলে মাছ ধরতে গিয়ে বিবস্ত্র অবস্থায় মরদেহটি পানিতে ভাসতে দেখে। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে অজ্ঞাতনামা যুবকের মরদেহ বিলের মধ্যে ফেলে গেছে। এটি হত্যাকাণ্ড কি না উদঘাটনের জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।