সাভারে সেন্ট্রাল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ঢাকার সাভারে সেন্ট্রাল হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে হাড় ভাঙার অপারেশন করাতে এসে ভুল চিকিৎসা রোগী মারা যাওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছিল বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আবারও এক শিক্ষার্থীর হাতের অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে।

তাই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তদন্ত কমিটিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র এ্যানেস্থেশিয়া কনসালট্যান্ট নাজমুল হুদা মিঠুকে সভাপতি করা হয়েছে।

বাকি সদস্যরা হলেন- অর্থোপেডিক কনসালট্যান্ট একেএম শাহজাহান, স্যানিটারি ইন্সপেক্টর মোজাম্মেল হোসেন ও আবাসিক মেডিকেল অফিসার ফেরদৌসী আক্তার।

উল্লেখ্য, গত শনিবার রাতে সাভার সেন্ট্রাল হাসপাতালের দালালের মাধ্যমে ৩৫ হাজার টাকা চুক্তিতে তাপস মন্ডল (১৪) নামে এক শিক্ষার্থীর ভাঙা হাতের অপারেশনের প্রস্তুতি নেয়া হয়।

তবে সার্জন আসার দুই ঘণ্টা আগেই রাত ১০টার দিকে ডা. কামরুজ্জামান জনি তাপসকে এ্যানেস্থেশিয়া ইনজেকশন পুশ করে। পরে রাত ১২টায় অপারেশনের ডাক্তার এসে বলেন অপারেশন করা যাবে না, সমস্যা আছে।

ডাক্তার চলে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ বলে তাপসকে আইসিইউতে নিতে হবে। পরে অবস্থা খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষই সাভারের সুপার ক্লিনিকে নিয়ে যায়। সেখানেই তাপস মারা যায়। এ ঘটনায় নিহতের স্বজনদের টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগীরা এ বিষয়ে আইনগতভাবে বিচার দাবি করেছেন।

নিহত তাপস গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কান্দাপারা গ্রামের শশী মন্ডলের ছেলে। তিনি স্থানীয় আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতেন।