আগস্টের মাস সেরার দৌড়ে বেন স্টোকস ও মিচেল স্যান্টনারের সঙ্গী ছিলেন সিকান্দার রাজা। নেতৃত্বের শুরুতেই দাপট দেখানো স্টোকসকেই মাসের সেরা খেলোয়াড় হিসেবে দেখা যাবে, এমনটাই ভেবে রেখেছিলেন অনেকে। কিংবা কিউই স্পিনিং অলরাউন্ডার স্যান্টনার। তবে সবাইকে অবাক করে দিয়ে সেই পুরস্কার জিতে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। প্রথম জিম্বাবুয়েইন হিসেবে এমন কীর্তি গড়লেন এই ৩৬ বছর বয়সী ব্যাটার।
আগস্টের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। যেখানে রীতিমতো এক সিকান্দার রাজার কাছেই হেরে যায় টাইগাররা। সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দুইটি সেঞ্চুরি হাঁকিয়ে জিম্বাবুয়েকে সিরিজ জেতান এ তারকা অলরাউন্ডার। পরে ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও দারুণ এক সেঞ্চুরি আসে তার ব্যাট থেকে। সবমিলিয়ে পুরো আগস্ট মাসে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে মাস সেরার তালিকায় আসেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রাজা। পরের ম্যাচেই করেন ১১৭ রান। দুই ম্যাচেই অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ভারতের বিপক্ষে রাজার ৯৫ বলে ১১৫ রানের ইনিংস দলকে জেতাতে পারেনি, তবে সবার প্রশংসায় ভাসেন তিনি।
জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে এ সম্মানজনক পুরস্কার জিতে রাজা বলেছেন, ‘আইসিসি থেকে আগস্ট মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতে আমি অনেক বেশি কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এটি জেতায় আরও ভালো লাগছে।’
অন্যদিকে নারী ক্রিকেটে আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তাহ্লিয়া ম্যাকগ্রা। গত মাসে ৫৭ গড়ে ১১৪ রান করেছেন তিনি, বল হাতে শিকার করেছেন পাঁচটি উইকেট। এর আগে গত এপ্রিলে এ পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।