লাঞ্ছনার প্রতিবাদে রেলকর্মীদের ট্রেন অবরোধ

রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সোমবার রাজশাহীগামী আন্তনগর মধুমতি ট্রেন অবরোধ করেছেন রেলওয়ের কর্মচারীরা। পরে বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে আধঘণ্টা পর মধুমতি ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা যায়, রাজবাড়ী স্টেশনে সীমানা প্রাচীর নির্মাণকাজ হচ্ছে। গতকাল সোমবার সকালে রাজবাড়ী স্টেশনের পশ্চিম পাশে সীমানা প্রাচীর নির্মাণ করতে যান সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসের নেতৃত্বে রেলওয়ের কর্মচারীরা। এ সময় রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেন। একপর্যায়ে মাহবুবুর রহমান পলাশ ধাক্কা দিয়ে সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাসকে ফেলে দেন এবং অশ্লীল গালাগালি করেন।

রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, লাঞ্ছনার ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় কমিশনার পলাশসহ অজ্ঞাত ১৫ থেকে ১৬ জনের নামে অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ বলেন, রাজবাড়ী স্টেশনের পশ্চিম পাশের পাকা সড়ক দিয়ে স্থানীয় বাসিন্দারা চলাচল করেন। আজকে (গতকাল) সকালে সেই সড়কটি বন্ধ করে দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিল রেলওয়ে। সেখানে গিয়ে সড়কটি বন্ধ না করে কাজ করতে বলি। কাউকে লাঞ্ছিত করিনি।