ছাড়পত্র পেল ‘অপারেশন সুন্দরবন’

মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। চলছে প্রচারণার ডামাডোল। এবার তাতে যুক্ত হলো সেন্সর সার্টিফিকেট। ১১ সেপ্টেম্বর বিনা আপত্তিতে সেন্সরবোর্ড সদস্যদের কাছ থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে দীপংকর সেনগুপ্ত দীপন নির্মিত ২ ঘণ্টা ২১ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যরে ‘অপারেশন সুন্দরবন’। দীপন জানান, শুধু ছাড়পত্রই পাননি, সঙ্গে পেয়েছেন বোর্ড সদস্যদের কাছ থেকে অকুণ্ঠ প্রশংসা। র‌্যাব ওয়েলফেয়ার কো অপারেটিভ সোসাইটি প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২৩ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম, রোশান, মনোজ, তাসকীন প্রমুখ। বিশ্বঐতিহ্য ও সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। যার সিংহভাগ শ্যুটিং হয়েছে রয়েল বেঙ্গল টাইগারসমৃদ্ধ সুন্দরবনে। ছবিটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য এমন, ‘অপারেশন সুন্দরবন’ পুরোপুরি মূলধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম, গান সব আছে। তবে সেটা অথেনটিক ভাবে এসেছে, সিনেম্যাটিক স্টাইলাইজেশন দিয়ে। গণমানুষকে কানেক্ট করার সিনেমা এটি। সেই সঙ্গে ক্লাস পিপল যেন পছন্দ করে সেই চেষ্টাও ছিল। ‘ঢাকা অ্যাটাক’-এ যেটা ছিল। সুন্দরবন দস্যুমুক্ত হওয়ার গল্প নিয়ে নয়, ‘অপারেশন সুন্দরবন’ তৈরি হয়েছে সুন্দরবন দস্যুমুক্ত হওয়াকে উদযাপন করতে। এটি কোনো ডকুমেন্টারি নয়, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা; যেখানে ড্রামা, সাসপেন্স, নারী-পুরুষের সম্পর্ক, প্রেম-ভালোবাসা সব আছে।