এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ নভেম্বর

অবশেষে এ বছরের এইচএসসি (উচ্চমাধ্যমিক) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৬ নভেম্বর। প্রথম অনুষ্ঠিত হবে এইচএসসির বাংলা প্রথম পত্র ও আলিমের কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা। উভয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। সকালের পরীক্ষা বেলা ১১টা থেকে ১টা এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে ৪টা পর্যন্ত হবে। গতকাল সোমবার সব শিক্ষা বোর্ড তাদের নিজ নিজ ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

শিক্ষাপঞ্জি অনুসারে, প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কিন্তু করোনার প্রাদুর্ভাবে দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছরের পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার কথা ছিল। কিন্তু দেশের কয়েক জেলায় বন্যা দেখা দেওয়ায় আবারও এ পরীক্ষা পিছিয়ে নভেম্বরে সূচি প্রকাশ করা হয়।

ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্যও সময় বেঁধে দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। ১৫ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

পরীক্ষার সূচির বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে রচনামূলক পরীক্ষা হবে। বহুনির্বাচনির সময় ২০ মিনিট ও রচনামূলকের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শুধু একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।