সামনেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। দুই টুর্নামেন্টকে সামনে রেখে শুরু হয়েছিল টাইগারদের অনুশীলন ক্যাম্প। কিন্তু বৃষ্টির কারণে তা হয়েছে বাধাগ্রস্ত। টেকিনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম তাই ঠিকভাবে পরখ করতে পারেননি ক্রিকেটারদের। তাই নিউজিল্যান্ড সফরের আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প করার কথা চিন্তা করছে বিসিবি।
বৈরি আবহাওয়ার কারণে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প ভেস্তে যাওয়ায় দেশের বাইরে ক্যাম্প করার ভাবনার কথা গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার থেকে শুরু প্রস্তুতি ক্যাম্পটি চলার কথা ছিল আগামীকাল বুধবার পর্যন্ত। আজ মঙ্গলবার সেটিই দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি। তবে সকাল থেকেই টানা বৃষ্টিতে ম্যাচ আবহে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। ইনডোর ও জিমনেসিয়ামেই সময় কাটিয়েছেন তারা।
দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এসে বৈঠক করেন পাপন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘বৃষ্টির কারণে যে পরিকল্পনা ছিল, শ্রীরাম ক্রিকেটারদের দেখবে, সেটির কিছুই হচ্ছে না। এ কারণে অন্য জায়গায় ক্যাম্প করার চিন্তা করছি। সম্ভাব্য জায়গা দেখা হচ্ছে, আগামীকালের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’
বিসিবি সূত্রে জানা গেছে, ক্যাম্পের জন্য সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ দল। তবে বিসিবির কিছু ফ্যাসিলিটিজের চাহিদা রয়েছে। সেগুলো পেলেই চূড়ান্ত হবে টাইগারদের ক্যাম্প।
তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানরা আরব আমিরাতেই ক্যাম্প করতে পারেন। সেটা সূত্র অবশ্য মিলেছে বিসিবি সভাপতির একটি উত্তরে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আরব আমিরাতে হলেও সেটা অবশ্যই শারজায় হচ্ছে না।’
মূলত এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফরে দল পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবির। তবে এখন দল সেখানে গিয়ে পৌঁছাবে আগামী ২ অক্টোবর। ৭ অক্টোবর শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান-বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। এদিকে বুধবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি।