টাঙ্গাইলে অধ্যক্ষ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম শাহানা হক সিদ্দিকা এ রায় ঘোষণা করেন।   

দণ্ডপ্রাপ্তরা হলেন- সখীপুর উপজেলার ফুলবাগ গোবরচাকা গ্রামের মৃত হাসান আলীর ছেলে মিনহাজুর রহমান মিন্টু ও একই গ্রামের সুর্যদ আলীর ছেলে আব্দুল মালেক শুকুর। 
 
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রের পক্ষের আইনজীবী মোহাম্মদ মহসিন সিকদার বলেন, ২০১১ সালের ২০ অক্টোবর দুপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠান্ডু সখীপুরের পলাশতলী মহাবিদ্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তিনি বৈল্লারপুর এলাকায় পৌঁছলে পূর্ব শত্রুতার জেরে মিনহাজুর রহমান মিন্টু নেতৃত্বে জামাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় ওই দিন জামাল হোসেনের স্ত্রী পারভীন বেগম বাদি হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশের এসআই আইয়ুব আলী ৫ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ বুধবার ২ জনকে মৃত্যুদণ্ড ও  অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাস দেয়। রায় ঘোষণার সময় মিন্টু আদালতে উপস্থিত ছিলেন এবং শুকুর পলাতক ছিলেন। 

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদী পক্ষ। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের।