জরিমানায় কাস্টমস কর্মকর্তাদের প্রণোদনা বাতিলের দাবি

আমদানি করা পণ্য দ্রুত খালাস ও নিরবচ্ছিন্ন উৎপাদন কার্যক্রমের স্বার্থে বন্দরেই টেস্টিং ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ ছাড়া এইচএস কোডে ভুলের কারণে কাস্টমস কর্মকর্তারা জরিমানা করলে যে ১৫ শতাংশ প্রণোদনা পান, তা বাতিলের দাবি জানিয়েছেন তিনি। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ দাবি জানান এফবিসিসিআই সভাপতি।

ব্যবসায়ীরা জানান, অনেক ক্ষেত্রে শুধু প্রণোদনার অর্থ পেতে কর্মকর্তারা ব্যবসায়ীদের জরিমানা আরোপ করেন। এই হয়রানি বন্ধে প্রণোদনার বিধান বাতিলের আহ্বান জানান তারা। পণ্যের এইচএস কোড অন্তর্ভুক্তিকরণকে সহজ ও নির্ভুল করতে পুরো ব্যবস্থাকে অনলাইনের আওতায় আনার পরামর্শও দেন তারা। জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্যের পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীতে পাঠাতে হয়। এতে পণ্য খালাস করতে কয়েক সপ্তাহ বা মাস সময় লেগে যায়, যা ব্যবসার খরচ বাড়ানোর পাশাপাশি কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদন ব্যাহত হয়। পরিস্থিতির উন্নয়নে বন্দরে টেস্টিং ল্যাব স্থাপন এবং এ সংশ্লিষ্ট সেবার মানোন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।