খেলার মাঠে মন্থর ওভার রেটের কারণে, আচরণবিধি ভাঙলে ক্রিকেটারদের নামের পাশে যোগ হয় ডিমেরিট পয়েন্ট। আন্তর্জাতিক ক্রিকেটে তা চালু হয়েছে ছয় বছর আগে। দেশের ঘরোয়া ক্রিকেটে এবার ডিমেরিট পয়েন্ট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে খেলোয়াড়দের শৃঙ্খলার ব্যাপারে সচেতনতা ও অভ্যস্ত করতে এ পদ্ধতি বেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, এক বছরের মধ্যে কোনো খেলোয়াড় যদি ৩ থেকে ৮ পয়েন্ট পান, তিনি এক ম্যাচ নিষিদ্ধ হবেন। কেউ যদি ৮ থেকে ১২ পয়েন্ট পান, তিনি দুই ম্যাচে নিষিদ্ধ হবেন। এক বছরের মধ্যে এই ডেমেরিট পয়েন্ট কার্যকর থাকবে বিসিবির যেকোনো টুর্নামেন্টে। অর্থাৎ লাল বলের ক্রিকেটে কেউ ডিমেরিট পয়েন্ট পেলে সেটির প্রভাব পড়বে সাদা বলের ক্রিকেটেও।
বিসিবি কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির বুধবারের সভায় ডিমেরিট পয়েন্ট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এসময় এসেছে নতুন আরও কিছু প্রস্তাব।
বিষয়টি নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, ‘শাস্তির বিষয়টি নিয়ে প্রস্তাব আছে, পুরো বোর্ডের অধীনে যত টুর্নামেন্ট হয়, কেউ যদি ঢাকা প্রিমিয়ার লিগে ডিমেরিট পয়েন্ট পায়, সেটা জাতীয় লিগেও কার্যকর হবে। এসব প্রস্তাব দেওয়া আছে। বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে।’