পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে বেসরকারি খাতের আরেক বীমা কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বীমা কোম্পানিটিকে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে ২০ কোটি টাকারও বেশি পুঁজি উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকালের কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বাধ্যবাধকতা আরোপের অংশ হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। কোম্পানিটি পুঁজিবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ২ লাখ ৬১ হাজার শেয়ার ছেড়ে ২০ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি স্থায়ী আমানত, সরকারি সিকিউরিটিজ, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ ও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) খাতে ব্যয় করবে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৮২ পয়সা। এ সময়ে পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা, অনুমোদন কিংবা বিতরণ না করার শর্তে আইপিওতে সম্মতি দিয়েছে এসইসি।