নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গতকাল অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘অ্যাকুস্টিক নাইট’ কনসার্টে পারফর্ম করেন তিনি। সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও পঞ্চম। প্রথম বিদেশের মঞ্চে একসঙ্গে তিন ভাইবোনের পারফর্ম ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে
মেলবোর্নে...
বাংলা গানের জন্য মেলবোর্নের দর্শকের যে তৃষ্ণা, তা দেখে সত্যি অবাক হয়েছি। অনেকেই কণ্ঠে মিলিয়ে একসঙ্গে গেয়েছেন। অনেক দেশেই শো করেছি, দর্শক সাড়াও পেয়েছি। কিন্তু মেলবোর্নের এই আয়োজন কখনো ভুলতে পারব না।
অ্যাকুস্টিক নাইট...
দেশের বাইরে যেসব শো করেছি, তার বেশিরভাগ আয়োজনই বর্ণাঢ্য ছিল। কিন্তু ‘অ্যাকুস্টিক নাইট’ শুধু জমকালো আয়োজনের জন্য নয়, স্মরণীয় হয়ে থাকবে ফাহমিদা ও পঞ্চমকে এক মঞ্চে পাওয়ার জন্য। এবারই বিদেশের মঞ্চে একসঙ্গে গাইলাম তিন ভাইবোন। শুধু একসঙ্গে পারফর্ম নয়, তিনজনই গানে গানে দর্শকের ভালোবাসা কুড়াতে পারায় অন্য রকম এক ভালো লাগায় মন ভরে গেছে।
তিন ভাইবোনের তিন কনসার্ট...
মেলবোর্নের পর আগামীকাল সিডনি আর ২৪ সেপ্টেম্বর অ্যাডিলেডে আরও দুটি শোতে অংশ নেব আমরা তিন ভাইবোন।
ঘোরাঘুরি...
কনসার্টের ফাঁকে অস্ট্রেলিয়া ঘুরে বেড়ানোর ইচ্ছা আছে। কারণ এরই মধ্যে লন্ডন থেকে আমার ছোট বোন অন্তরাও অস্ট্রেলিয়ায় চলে এসেছে। এখন কনসার্টের ফাঁকে সুযোগ পেলেই চার ভাইবোন একসঙ্গে বেরিয়ে পড়ার পরিকল্পনা আছে। ২৫ তারিখে ঢাকায় ফিরব আমরা তাই যতটুকু বেড়ানোর সুযোগ থাকে, সেটা কাজে লাগাব।
ঢাকায় ফিরে...
ঢাকায় ফিরে নতুন গানের আয়োজন নিয়ে এখনই বলতে পারছি না। কিছুদিন আগে ‘পদ্মা সেতু’ নিয়ে গাওয়া তিনটি গান প্রকাশ পেয়েছে। অবশ্য এগুলো বিষয়ভিত্তিক গান; তারপরও এত তাড়াতাড়ি নতুন গান প্রকাশ নিয়ে ভাবছি না। কিছু গানের কাজ এর মধ্যে শুরু করেছিলাম। সেগুলোর ভিডিও নির্মাণ শেষ হোক, তারপর না হয় প্রকাশনা নিয়ে ভাবা যাবে।
বোনের সঙ্গে দ্বৈত অ্যালবাম...
ফাহমিদা নবীর সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম প্রকাশের কথা ছিল। দ্বৈত অ্যালবামের পরিকল্পনা নিয়েই গীতিকার জুলফিকার রাসেল আমাদের বেশ কিছু গান রেকর্ড করেছিলেন। তার লেখা গানগুলো সুর করেছিলেন নচিকেতা। কিন্তু শেষে জুলফিকার রাসেল জানিয়েছেন, অ্যালবাম প্রকাশের জটিলতার জন্য আমাদের গানগুলো এককভাবে প্রকাশ করবেন। পরে সুযোগ পেলে সেগুলোর একটা প্লে-লিস্ট তৈরি করার পরিকল্পনা আছে।